Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026

কলাপাড়ায় মাতৃভাষা দিবস পালিত।।

সোলায়মান পিন্টু, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। 

যথাযোগ্য মর্যাদায ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের পায়রা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হামিদের সভাপতিত্বে সভায় মাতৃভাষার মর্যাদা ও ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সহকারী কমিশনার(ভূমি) মো: ইয়াসিন সাদিক, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানারা খানম প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা আন্দোলন কেন্দ্রিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এরআগে দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২ টা ০৩ মিনিটের সময় ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি সহ সরকারি বে- সরকারি অফিস ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক
সংগঠন।
###