কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উপকূলীয় অঞ্চলের জন্য জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি জনপ্রিয় করার লক্ষ্যে “Climate Smart Agricultural Technology for Coastal Region” শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া এওয়ার্ড বাংলাদেশ এলামনাই সাপোর্ট গ্রান্টের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে এলাকার পিছিয়ে পড়া রাখাইন সম্প্রদায়ের ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি অস্ট্রেলিয়ান এওয়ার্ড এলামনাই ড. মোঃ খোরশেদ আলম, মো. মসীহুর রহমান এবং মিস কাকলী রায়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয়, যা তাদের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি প্রকল্পের অংশ।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. খায়রুল বাশার। তিনি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে লবণাক্ততা সহিষ্ণু ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে কীভাবে উপকূলীয় অঞ্চলে সফলভাবে চাষাবাদ করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা দেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন রাখাইন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা, উচ্চ ফলনশীল সবজি বীজ এবং আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগটি উপকূলীয় অঞ্চলের প্রান্তিক কৃষকদের, বিশেষ করে রাখাইন সম্প্রদায়ের সদস্যদের জলবায়ু সহনশীল কৃষি চর্চার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
