পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও নগদ টাকা লুটের ঘটনায় মূল আসামি মাকসুদ আকন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
মহিপুর থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা পৌরসভার সীবিচ এলাকায় দোকান মালিক মনির হাওলাদারের আচারের দোকানে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে। তারা দোকানের ম্যানেজার হাসান (২৬) কে বাইরে আসতে বলে। এতে কথা কাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা হাসানকে লাঠি দিয়ে মারধর করে এবং দোকানের মালামাল ভাংচুর করে। পরে দোকানের ক্যাশ বক্স থেকে নগদ টাকা নিয়ে যায় তারা।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। একই দিন মহিপুর থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-১০)। পুলিশ সুপারের নির্দেশে একাধিক টিম সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে মাকসুদ আকন, শাহীন মুসুল্লী ও রহিমসহ কয়েকজনকে ঘটনায় সরাসরি জড়িত হিসেবে শনাক্ত করে।
পরবর্তীতে অভিযান চালিয়ে মহিপুর থানা এলাকা থেকে মূল আসামি মাকসুদ আকনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
