পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল মান্নান মৃধা (৫৬) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ছত্তার মৃধা ও তার ছেলে আইয়ুবের বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মান্নান মৃধা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, রোববার সকালে আব্দুল মান্নান মৃধা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন থেকে আইয়ুব দা দিয়ে তাকে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। জীবন বাঁচাতে তিনি দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আইয়ুবের হাত থেকে দা কেড়ে নেয়। পরে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগীর মেয়ে সারাবান তাহরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ছত্তার মৃধা ও তার ছেলে আইয়ুবের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তিনি অভিযোগ করেন, অতীতে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের জমি দখল করা হয়েছিল। এছাড়া সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক বিরোধের কারণেও তাদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। নির্বাচনে পরাজয়ের পর আইয়ুব আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই তার বাবার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, বিষয়টি তাদের জানা আছে এবং অভিযোগও পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
