পটুয়াখালী প্রতিনিধি |
গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাঁর নিজ জেলা পটুয়াখালীতে আনন্দ মিছিল ও উল্লাস কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বাদ্যের তালে তালে নেচে এবং স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন কয়েকশ নেতাকর্মী।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন, “২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুরুল হক নুরের যে উত্থান হয়েছিল, আজ তিনি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য হওয়ার পর তাঁর এই রাষ্ট্রীয় দায়িত্ব প্রাপ্তি পুরো পটুয়াখালীবাসীর জন্য গর্বের বিষয়।”
আন্দোলন থেকে শুরু করে ডাকসুর ভিপি, অতঃপর রাজনীতিবিদ ও সংসদ সদস্য হওয়ার দীর্ঘ পথচলায় নুরের এই অর্জনকে সাধারণ ছাত্র-জনতার বিজয় হিসেবে দেখছেন সমর্থকরা। তারা আশা প্রকাশ করেন, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
আনন্দ মিছিল শেষে ছাত্র অধিকার পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
