পটুয়াখালী প্রতিনিধিঃ
ঢাকা মিডফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগসহ সারাদেশে সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শনিবার রাতে শহরের বনানী মোড়ে অবস্থিত জেলা যুবদল কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, “সারা দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর সাথে যেসব অপরাধী জড়িত, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। আমরা অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাবেক সহ-সভাপতি মহসিন রেজা ইমরুল, গোলাম রাব্বানী, মনজুর এলাহী শাহীন, নুরুল আমিন লিটন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর যুবদলের সদস্য সচিব মোঃ জসীম উদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জনি, সরকারি কলেজের ছাত্রদল নেতা মেহেদী হাসান রাকিব, ইমরান, মাহফুজুর রহমান ইছা, সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন, সাবেক যুবদল সদস্য আব্দুস সালাম সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকসেদুল মৃধাসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী।
