Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026

ভোটের আগের দিন বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অধিকাংশ বাস চলাচল বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

ভোটের সময় বাস চলাচলে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা জানান, চালক ও সহকারীরা ভোট দিতে নিজ নিজ এলাকায় যাওয়ায় জনবলসংকটে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

রোববার বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘১১ ফেব্রুয়ারি বাস চলবে। তবে আমরা এখন পর্যন্ত সেই দিনের টিকিটের খুব বেশি চাহিদা দেখিনি। ১০ ফেব্রুয়ারি টিকিটের জন্য যাত্রীদের প্রচুর চাপ রয়েছে।’

১২ ফেব্রুয়ারির বাস চলাচল প্রসঙ্গে তিনি বলেন, বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বেশিরভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। মালিকপক্ষ থেকে তাদের না করা সম্ভব নয়। তবে ভোট শেষ হওয়ার পর রাতে পুনরায় বাস চলাচল শুরু হতে পারে।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র ও চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনসহ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে এ নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করতে পারবেন।