Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026

র‌্যাব-৮ এর অভিযানে নিউমার্কেট কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায়

পটুয়াখালী প্রতিনিধিঃ


পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, অসাধু ব্যবসায়ীদের মজুতদারি প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পটুয়াখালীতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যাব-৮, সিপিসি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক রহমানের নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল পটুয়াখালী সদর থানাধীন নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন ও মূল্যতালিকা যাচাই করা হয়। এ সময় এক ব্যবসায়ী দোকানে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন জানায়, রমজান মাসে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

র‌্যাব-৮ কর্তৃপক্ষও জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।