পটুয়াখালী প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসে প্রতিদিন গভীর রাতে হাসপাতালে আগত দর্শনার্থীদের জন্য সেহরির ব্যবস্থা করে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর যুবদল নেতা মুস্তাফিজুর রহমান রুমি নামে এক স্বেচ্ছাসেবী।
জানা গেছে, প্রতিদিন রাত দুইটা থেকে আড়াইটার দিকে লঞ্চঘাট এলাকা থেকে ভ্যানগাড়িতে করে প্রস্তুতকৃত খাবার নিয়ে তিনি হাসপাতালে সামনে পৌঁছান। সেখানে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী আগত রোগীর স্বজন ও দর্শনার্থীদের মাঝে সেহরি বিতরণ করা হয়। পুরো কার্যক্রম শেষে তিনি আবার বাসায় ফিরে নিজে সেহরি গ্রহণ করেন।
রাতে এমন পরিশ্রমী উদ্যোগ বাস্তবায়ন করা সহজ নয়। বিশেষ করে গভীর রাতের নির্জন সময়ে খাবার সংগ্রহ, পরিবহন ও সুশৃঙ্খলভাবে বিতরণ—সবকিছুই অত্যন্ত কষ্টসাধ্য কাজ। রুমির সঙ্গে যারা এ কাজে সহযোগিতা করছেন, তারাও সমানভাবে পরিশ্রম করছেন।
স্থানীয়রা বলছেন, এ ধরনের উদ্যোগ শুধু সহানুভূতিই নয়, বরং পটুয়াখালীর মানবিক চিত্রকে আরও উজ্জ্বল করে তুলছে। অনেকেই মনে করছেন, ভালো কাজের যথাযথ প্রশংসা না করলে তা ধীরে ধীরে হারিয়ে যায়। তাই রুমির এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়েছেন তারা।
মানবিক এই উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এমন কাজ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
