Thursday, February 26, 2026
Thursday, February 26, 2026

১৩ বল হাতে রেখে ৩৩০ রান, রমজানের সেঞ্চুরিতে পটুয়াখালীর অবিশ্বাস্য জয়

মশিউর রহমান বাবলুঃ

৪৪তম জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে পটুয়াখালী জেলা দল দারুণ এক জয় তুলে নিয়েছে। শক্ত প্রতিপক্ষ মেহেরপুরকে রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে দলটি সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছে।

টসে জিতে পটুয়াখালী প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মেহেরপুর নির্ধারিত ওভারে ৩২৫ রান সংগ্রহ করে। তাদের হয়ে মো. রানা ৩৬ বলে ঝড়ো ৭৩ রান করেন এবং আসাদুজ্জামান ১৯ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন। পটুয়াখালীর বোলারদের মধ্যে আবির ছিলেন সবচেয়ে সফল। তিনি ৮ ওভারে ৬৬ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

৩২৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে পটুয়াখালী। দারুণ পরিকল্পিত ইনিংস গড়ে দলটি ১৩ বল হাতে রেখেই ৩৩০ রান করে জয় নিশ্চিত করে। দলের পক্ষে রমজান অসাধারণ ব্যাটিং করে ৯৩ বলে অপরাজিত ১০২ রান করেন। কাজী কামরুল ৭৮ বলে ৬৫ রান এবং সাজিদ ৬৫ বলে ৫৯ রান করে জয়ের ভিত গড়ে দেন।

দুর্দান্ত শতকের জন্য রমজান ম্যাচসেরা নির্বাচিত হন।

খেলা শেষে পটুয়াখালী দলের অধিনায়ক সোহাগ গাজী এবং টিম ম্যানেজার শাহিন মাহবুব জয়ী দলের সেঞ্চুরিয়ান ও হাফ সেঞ্চুরিয়ানদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন।

এই জয়ের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা দল চ্যাম্পিয়নশিপে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে।