পটুয়াখালী প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পটুয়াখালীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পটুয়াখালী শহরের দারুল আনওয়ার ইসলামিক কমপ্লেক্স, হাজী আক্কেল আলী কলেজ, শেরে-বাংলা বালিকা বিদ্যালয় ও ওয়াজেদিয়া কামেলিয়া মাদ্রাসায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্যোগ নেয় পূবালী ব্যাংক পিএলসি, পটুয়াখালী শাখা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র পটুয়াখালী জেলা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মাসুদ হোসেন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র অফিসার মোহাম্মদ রাজু আহমেদ রানা।
এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অতিথিরা শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
পূবালী ব্যাংকের উদ্যোগে এরই মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এ কার্যক্রম আরও বিস্তৃত করতে আরও ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তারা শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
