Tuesday, September 15, 2026
Tuesday, September 15, 2026

পটুয়াখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পটুয়াখালী প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে পটুয়াখালীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার ১৯৫ নম্বর টাউন কালিকাপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম।

পটুয়াখালী পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ হোসেন শিকদারের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংক পিএলসির এ উদ্যোগের আওতায় পটুয়াখালী সদর উপজেলার ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলা সম্ভব।