Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

বাংলাদেশ জুডো ফেডারেশনের অ্যাড হক কমিটির সদস্য হলেন পটুয়াখালীর সেন্সি রিয়াজ আহমেদ কবির

পটুয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ জুডো ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের অ্যাড হক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালীর কৃতি সন্তান ও পটুয়াখালী কারাতে দো অ্যাসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সেন্সি রিয়াজ আহমেদ কবির। তাঁর এ মনোনয়নে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ উপলক্ষে পটুয়াখালী কারাতে দো অ্যাসোসিয়েশন এবং পটুয়াখালীর প্রাক্তন খেলোয়াড়দের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় সেন্সি রিয়াজ আহমেদ কবিরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, সেন্সি রিয়াজ আহমেদ কবিরের এই গৌরবময় অর্জন শুধু পটুয়াখালী কারাতে দো অ্যাসোসিয়েশনের নয়, বরং সমগ্র পটুয়াখালীবাসীর জন্যই গর্ব ও সম্মানের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে কারাতে এবং জুডো অঙ্গনে কাজ করে আসছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, দক্ষ নেতৃত্ব এবং ক্রীড়া উন্নয়নে নিরলস অবদান আজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।

তারা আরও বলেন, বাংলাদেশ জুডো ফেডারেশনের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের মাধ্যমে সেন্সি রিয়াজ আহমেদ কবির দেশের জুডো অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাদের বিশ্বাস।

বিবৃতিতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে আশা প্রকাশ করা হয়, তাঁর এ অর্জন পটুয়াখালীর নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।

পটুয়াখালী কারাতে দো অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, সেন্সি রিয়াজ আহমেদ কবিরের এই সম্মাননা ভবিষ্যতে জেলার ক্রীড়া বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং পটুয়াখালীর সুনাম দেশব্যাপী আরও উজ্জ্বল করবে।