পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর আব্দুল হাই বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের দুই প্রবীণ শিক্ষক জনাব সুলতান আহমেদ হাওলাদার ও জনাব রুহুল আমিন দীর্ঘ ৩৬ বছরেরও বেশি সময় শিক্ষকতা পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে গেছেন। কর্মজীবনের শেষ দিনে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন এক মিলনমেলা।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় ভরিয়ে দেন প্রিয় এই দুই শিক্ষককে। বিদায়ের মুহূর্তে শিক্ষার্থীদের চোখে ছিল আনন্দ আর বেদনার মিশ্র অনুভূতি।

সাবেক শিক্ষার্থীরা আবেগঘন কণ্ঠে বলেন, “স্যারের পড়ানো আজও আমাদের মনে গেঁথে আছে। তিনি শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকেননি, বিকেলবেলা বাড়িতে গিয়ে আমাদের পড়াশোনার খোঁজ নিতেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ শিক্ষক পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাই আমরা চেয়েছি তাঁকে যথাযথ সম্মানের সঙ্গে বিদায় জানাতে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই দুই শিক্ষক তাঁদের দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের এই অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের ভালোবাসা ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে বিদায় নেন এই দুই গুণী শিক্ষক।
