পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম গতিশীল করতে অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সংস্থাটির জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং মুরাদ আহমেদকে সদস্য-সচিব করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন— পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং শাহিন মাহবুব হোসেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, গঠিত এই অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্বাচন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।
