পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বারি চিনাবাদাম-৯ এর আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পটুয়াখালী। “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. খায়রুল বাসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর উপ-পরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, পটুয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আশিক এলাহী এবং গলাচিপা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আমানুল ইসলাম বলেন, বারি চিনাবাদাম-৯ একটি উচ্চ ফলনশীল ও রোগ-পোকামাকড় সহনশীল জাত। এ জাতের ফলন প্রতি হেক্টরে প্রায় ২ দশমিক ৫ থেকে ৩ টন পর্যন্ত হতে পারে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে উন্নত উচ্চ ফলনশীল জাতের বিকল্প নেই। তিনি কৃষকদের নিজস্ব বীজ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ড. এইচ. এম. খায়রুল বাসার বলেন, পার্টনার প্রকল্পের আওতায় এ বছর বাঁশবুনিয়া গ্রামে প্রায় ৪০ জন কৃষকের মাঝে ৫০ বিঘা জমির জন্য বারি চিনাবাদাম-৯ এর বীজ সরবরাহ করা হয়েছে। শুধুমাত্র গলাচিপা উপজেলাতেই চলতি মৌসুমে ১৩০ বিঘা জমিতে এ জাতের চাষাবাদ হয়েছে। প্রকল্পের মাধ্যমে কৃষকদের বীজ, সার ও প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, বারি চিনাবাদাম-৯ এ রোগ-পোকামাকড়ের আক্রমণ খুবই কম। এ জাতের প্রতিটি গাছে প্রায় ৩০টি পর্যন্ত বাদাম উৎপাদিত হয়। বাদামগুলো আকারে বড় এবং একই সঙ্গে ক্লাস্টার আকারে পরিপক্ব হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর পটুয়াখালী জেলায় ৬ হাজার ৭৫৯ হেক্টর জমিতে চিনাবাদামের আবাদ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গলাচিপা উপজেলাতেই ২ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
