বুধবার, নভেম্বর ৪, ২০২৬
spot_img

হবিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসে ১৮ হাজার ৬৬৯ জনের নিবন্ধন

হবিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৮ হাজার ৬৬৯ জন শিশু-কিশোর অনলাইনে নিবন্ধন করেছে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে এবার ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবলসহ মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৩ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। তিনি জানান, নিবন্ধনকারীদের মধ্যে বালক ১০ হাজার ৫৩৯ জন এবং বালিকা ৮ হাজার ১৩০ জন। জেলার ৯টি উপজেলা ও হবিগঞ্জ পৌরসভা থেকে এসব প্রতিযোগী অংশ নিচ্ছে। এবারের প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রতিযোগিতা উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয়-এই চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। আগামী ৫ নভেম্বর থেকে উপজেলা ও পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য প্রাইজমানি, ট্রফি ও মেডেলের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপি’তে প্রশিক্ষণের সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাড.গুলজার খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

Latest Articles