পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উচ্চ ফলনশীল মিষ্টি আলুর নতুন জাত সম্প্রসারণে এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষক,কৃষাণী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: খোরশেদ আলম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর, ড. মোহাম্মদ আনোয়ার হোসেন খান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক কন্দাল ফসল গবেষণা কেন্দ্র বিএআরআই গাজীপুর, ড. আবুল ফজল মুহাম্মদ শামীম আহসান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজীপুর। আরজু আক্তার, উপজেলা কৃষি অফিসার, গলাচিপা, পটুয়াখালী। এবং সভাপতিত্ব করেন বারি পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. খায়রুল বাসার।
বক্তারা জানান, বারি উদ্ভাবিত মিষ্টি আলুর নতুন জাত বারি মিষ্টি আলু-১৬, ১৭ ও ১৮—উচ্চ ফলনশীল, পুষ্টিগুণে সমৃদ্ধ এবং বাজারে চাহিদাসম্পন্ন। এসব জাত চাষের মাধ্যমে কৃষকরা সহজেই অধিক লাভবান হতে পারেন।

মাঠ দিবসে প্রদর্শিত প্লটে নতুন জাতগুলোর চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা এবং রোগবালাই ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আধুনিক কৃষি প্রযুক্তি সরাসরি প্রদর্শনের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনশীল ও অধিক ফলনশীল ফসলের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ কৃষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা নতুন জাতের মিষ্টি আলুর উৎপাদন ও বাজার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এসব জাত চাষে আগ্রহ প্রকাশ করেন।
