Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

পটুয়াখালী সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং খরিপ-২ মৌসুমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী সদর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক জনাব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই চারা, বীজ ও সার বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপপরিচালক জনাব ড. মোহাম্মদ আমানুল ইসলাম। তিনি আধুনিক পদ্ধতিতে রোপা আমন চাষ ও ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার জনাব মো: নাজমুল ইসলাম মজুমদার।
আজ ১১ জুন, ২০২৬ তারিখে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রওজাতুন জান্নাত। তিনি সরকারের এই কৃষি বান্ধব কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি উপসহকারী কর্মকর্তা এবং সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।