Thursday, August 13, 2026
Thursday, August 13, 2026

রাজনৈতিক পরিচয়ে কেউ যেন অবৈধ সুবিধা না নিতে পারে: প্রতিমন্ত্রী নুরুল হক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:


রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে চাঁদাবাজি বা অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক

শুক্রবার বিকেলে গলাচিপা উপজেলা প্রশাসন মাঠে আয়োজিত মতবিনিময় সভা ও গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে কাজ করবো। কোনো মানুষ যেন রাজনৈতিকভাবে হয়রানির শিকার না হয়, সে পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ চাঁদা নিতে পারবে না—উপজেলা ও থানা প্রশাসনকে সে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, একসময় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি ছিল, মানুষ নিরাপদে থাকতে পারত না। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সামনে আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা। সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আবু নাঈম এনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারিয়া আক্তার নুর, শিপলু খান, ইখতিয়ার রহমান কবির, মো. হাফিজুর রহমান ও মো. জাকির মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রী বলেন, “আমি নেতা হতে আসিনি, মানুষের জন্য কাজ করতে চাই। গলাচিপা-দশমিনার অবকাঠামোগত উন্নয়ন আমাদের অগ্রাধিকার। বিশেষ করে রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করবো।”

এর আগে বিকেলে গলাচিপা অফিসার্স ক্লাবে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি। সেখানে দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে অবকাঠামো ও জনবল সংকট নিরসনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, “সরকারের শুরুটা দেখলেই বোঝা যায় কর্মপরিকল্পনা কেমন হবে। সময়মতো অফিস কার্যক্রম শুরু হলে মানুষ সহজেই সেবা পাবে এবং হয়রানি কমবে।”

অনুষ্ঠান শেষে দোয়া ও গণইফতারের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।