পটুয়াখালী প্রতিনিধি:
শ্রেণিকৃত ঋণ হ্রাস ও আদায় কার্যক্রম জোরদার, পুনঃঅর্থায়ন (Re-finance) ও প্রাক্-অর্থায়ন (Pre-finance) কর্মসূচির আওতায় CMSME এবং কৃষিঋণ বিতরণ বৃদ্ধি এবং ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় পটুয়াখালীতে মতবিনিময় সভার আয়োজন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।
শুক্রবার (১৩ নভেম্বর) অগ্রণী ব্যাংক পিএলসির পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ঘোষিত ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ঢাকা সার্কেল-২ ও বরিশাল সার্কেলের সম্মানিত মহাব্যবস্থাপক জনাব মোঃ আতিকুর রহমান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি বরিশাল সার্কেলের সম্মানিত উপ-মহাব্যবস্থাপক জনাব এ. এম. মাজহারুল কবির।
সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির পটুয়াখালী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান মোল্লা।
সভায় শ্রেণিকৃত ঋণ কমানো, খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নতুন ঋণ বিতরণ বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (CMSME) ঋণসুবিধা সম্প্রসারণ এবং কৃষিঋণ বিতরণ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রমে গতি আনা এবং নির্ধারিত সময়ের মধ্যে ৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় নিয়েও সভায় আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জনাব এস, এম, হাসানুজ্জামান, এসপিও, আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী এবং গীতা পাঠ করেন জনাব সবুজ বিকাশ মণ্ডল, পিও/ব্যবস্থাপক, আলিপুরবন্দর শাখা পটুয়াখালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ শাহ আলম, এসপিও, নতুন বাজার শাখা পটুয়াখালী। উক্ত অনুষ্ঠানে অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক বৃন্দ, খেলাপি ঋণগ্রহীতা বৃন্দ এবং আঞ্চলিক কার্যালয়ের সম্মানিত নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে ব্যাংকের নীতিমালা অনুযায়ী সকল শাখা ব্যবস্থাপক বৃন্দকে ব্যাংকের স্বার্থে লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।


